বিএনপির আন্দোলনের ওপর জনগণের আস্থা নেই :কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, বিএনপির আন্দোলনের ওপর জনগণের কোনো আস্থা নেই। মানুষের সাড়া না পেয়ে বিএনপি বার বার ব্যর্থ চেষ্টা করছে। তারা একবার কোটা সংস্কার আন্দোলন, আবার শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনে জনগণের সাড়া না পেয়ে এখন ধর্ষণ ও নারী নির্যাতনবিরোধী আন্দোলনের ওপর ভর করেছে। এর মাধ্যমে তারা সরকারের বিরুদ্ধে যড়যন্ত্রে লিপ্ত হয়েছে। গতকাল রবিবার বিআরটিসির সদর দপ্তরে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধনকালে তিনি আরো বলেন, সরকার নারী নির্যাতনসহ যেকোনো অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনে সরকার কোনো প্রকার বাধা দেবে না। কিন্তু আন্দোলনের নামে পরিস্থিতি নষ্ট করতে চাইলে, সহিংসতা ছড়ালে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।

ওবায়দুল কাদের সংসদ ভবন এলাকায় তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠানে যুক্ত হন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকার কোনো অপরাধীকে ছাড় দিবে না, সে যে দলের হোক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, বিএনপি বিগত ১১ বছর ধারাবাহিকভাবে আন্দোলনে ব্যর্থতার পরিচয় দিয়ে আসছে। তাদের নেতারা আন্দোলনের ডাক দিয়ে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশের গতিবিধির খবর নেন। ওবায়দুল কাদের বলেন, জণগণের সম্পৃক্ততা যদি কোনো আন্দোলনে না থাকে তাহলে সেই আন্দোলন ব্যর্থ হতে বাধ্য। বিএনপি যত অপচেষ্টাই করুক তাদের ষড়যন্ত্র ব্যর্থতায় রূপান্তরিত হবে। পদ্মাসেতু প্রসঙ্গে তিনি বলেন, ‘পদ্মাসেতুর ৩২তম স্প্যান আজ (রবিবার) সকালে বসানো হয়েছে। এই সেতু এখন ৪ হাজার ৮০০ মিটার দৃশ্যমান হয়েছে।

ধর্ষণবিরোধী আন্দোলনকারীদের ধৈর্য্য ধরার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, অপরাধীরা এরই মধ্যে গ্রেফতার হয়েছে, বিচারও দ্রুত হবে। কঠোর বিচারের জন্য যুক্তিসঙ্গত সময় পর্যন্ত অপেক্ষা করুন। এ সময় অনিয়মের বৃত্ত থেকে বেরিয়ে এসে বিআরটিসিকে জনগণের সেবায় নিযুক্ত হওয়ার আহ্বান জানান তিনি। বিআরটিসি সদর দপ্তরে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এহছানে এলাহিসহ অন্য কর্মকর্তারা।