বরিশাল অফিস
বরিশাল নগরীর রূপাতলী এলাকায় মাছের দাম চাওয়ায় চার মাছ ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মামুন মোল্লার বিরুদ্ধে। শনিবার সন্ধ্যায় এ ঘটনার পর মাছ ব্যবসায়ীসহ বাজারের সব দোকানি দোকান বন্ধ করে প্রতিবাদ জানায়। হামলাকারী মামুন মোল্লা ও তার সহযোগী সোহেল বিশ্বাস স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। মামুন দুই বছর আগে ছাত্রদলের রাজনীতি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেয়। তার বড় ভাই জাকির মোল্লা স্থানীয় ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং মেঝ ভাই মনির মোল্লা মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। হামলায় আহত মাছ ব্যবসায়ী জসিম, সমীর, দেলোয়ার ও আনিচ জানান, বরিশাল-পটুয়াখালী মহাসড়কের পাশে রূপাতলী হাউজিংয়ের পরিত্যক্ত জায়গায় অবৈধভাবে বাজার বসিয়ে প্রতি দোকান থেকে ১৫০ টাকা এবং বড় দোকান হলে ২০০ টাকা করে আদায় করছে মনির মোল্লা ও তার ভাই মামুন মোল্লা। বাজারের নিয়ন্ত্রক হওয়ায় মামুন মোল্লা ব্যবসায়ীদের কাছ থেকে প্রায়শই মাছ নিয়ে টাকা দেন না। শনিবার মাছ ব্যবসায়ী সমীরের কাছ থেকে ৬০০ টাকা কেজি দরে তিন কেজি মটকা চিংড়িং এবং জসিম ও আনিচের কাছ থেকে অন্য মাছ নিয়ে টাকা না দিয়ে চলে যাচ্ছিল মামুন। এ সময় তারা টাকা চাইলে মামুন ও তার সহযোগী সোহেল বিশ্বাস ঐ চার মাছ ব্যবসায়ীকে মারধর করে। বাচ্চু খান নামে আরেক মাছ ব্যবসায়ী জানান, মামুন মোল্লা তার কাছ থেকে দেড় বছর আগে দেড় হাজার টাকার মাছ নিলেও এখনো তার কাছে ১ হাজার টাকা পান তিনি। এভাবে বাজারের অন্য ব্যবসায়ীরাও মামুনের কাছে বকেয়া টাকা চাইলে মামুন দোকানিদের সঙ্গে দুর্ব্যবহার করে বলে অভিযোগ তাদের।
এ ঘটনার পর বাজারের সব ব্যবসায়ী দোকান বন্ধ করে প্রতিবাদ করে। এতে শত শত ক্রেতা বিপাকে পড়ে। খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জাকির মোল্লা ঘটনাস্থলে গিয়ে মামুনের সহযোগী সোহেল বিশ্বাসকে কয়েকটি চড়-থাপ্পড় দিলেও তার ভাই মামুনকে কিছুই বলেননি বলে জানান হামলার শিকার মাছ ব্যবসায়ীরা।