নাফ নদী থেকে ২ লাখ ২৬ হাজার ইয়াবা উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা

টেকনাফ সীমান্তের নাফ নদীতে অভিযান চালিয়ে ২ লাখ ২৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার র্গাড বাংলাদেশ (বিজিবি)। গত শনিবার রাতে নাফ নদীর ন্যাচার পার্ক পয়েন্ট এ ঘটনা ঘটে।

জানা যায়, শনিবার রাতে টেকনাফ-২ বিজিবি অধীনস্থ দমদমিয়া বিওপির বিশেষ একটি টহল দল মিয়ানমার হতে মাদকের চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে ন্যাচার পার্ক পয়েন্ট বরাবর নাফ নদীতে অভিযানে যায়। কিছুক্ষণ পর দুইটি নৌকা নিয়ে চার/পাঁচ জন লোক শূন্যরেখা অতিক্রম করলে মাদক কারবারিরা বিজিবিকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে। বিজিবি জওয়ানেরা সরকারি সম্পদ এবং আত্মরক্ষার্থে পালটা গুলিবর্ষণ করলে মাদক কারবারিরা ভীত হয়ে নদীতে লাফ দেয়। পরে পেছনে থাকা ইঞ্জিন বোটে করে পালিয়ে যায়। পরে বিজিবি ফেলে যাওয়া নৌকা তল্লাশি করে তিনটি বস্তা উদ্ধার করে। তার ভেতর থেকে ২ লাখ ২৬ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।