চট্টগ্রামে পুলিশের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে ফেঁসে গেলেন এক ব্যক্তি

চট্টগ্রামে পুলিশের বিরুদ্ধে টাকা ছিনতাইয়ের মিথ্যা অভিযোগ এনে ফেঁসে গেলেন মাছ ব্যবসায়ী বাবলা দাশ (৩০)। টানা ১২ ঘণ্টা পুলিশের জিজ্ঞাসাবাদের পর বাবলা স্বীকার করেছে আইপিএলে জুয়া খেলায় বাবলার লোকসান হয়। পাওনাদারদের হাত থেকে রক্ষা পেতে সে এ ধরনের মিথ্যা নাটক সাজিয়েছে। গ্রেফতারকৃত বাবলার বাসা লালখান বাজারের টাংকির পাহাড় এলাকায়। সেখানেই সে মাছের ব্যবসা করে।

গতকাল রবিবার এক সংবাদ সম্মেলনে সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) পলাশ কুমার নাথ বলেন, গত শনিবার মাছ ব্যবসায়ী সমিতির এক নেতা টেলিফোনে কোতোয়ালি থানার ওসিকে অভিযোগ করেন অটোরিকসা থেকে নামিয়ে ইয়াবা দিয়ে ফাঁসানোর হুমকি দিয়ে পুলিশের গাড়িতে তুলে মাছ ব্যবসায়ী বাবলার ১ লাখ ১৩ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। অভিযোগ পাওয়ার পর আমরা তদন্ত শুরু করি। বাবলাকে থানায় আসতে বলা হয়। জিজ্ঞাসাবাদে বাবলা দাবি করে শুক্রবার রাত ১১টায় ডিসি হিলের সামনে থেকে নীল রংয়ের একটি পুলিশের গাড়িতে তাকে তুলে নেওয়া হয়। পরে এক হাতে ইয়াবা অন্য হাতে টাকা দিয়ে ছবি তুলে তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। প্রায় দুই ঘণ্টা ঘুরিয়ে তাকে নিউমার্কেট এলাকায় গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়।

তিনি আরো বলেন জিজ্ঞাসাবাদে বাবলার বিভ্রান্তিকর বক্তব্যে সন্দেহ হয়। এক পর্যায়ে বাবলা স্বীকার করে ব্যবসায় লোকসানের কারণে তার পাওনাদার বেড়ে গেছে। আইপিএলে জুয়া খেলে সে অনেক টাকা হারিয়েছে। সেই জন্য এ ধরনের নাটক সাজিয়েছে।