গাজীপুরে জুতার কারখানায় আগুন

নারী শ্রমিকের পোড়া লাশ উদ্ধার দগ্ধ ৫

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উলুসাড়া এলাকায় এফবি ফুটওয়্যার নামে একটি জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে গোলাপী বেগম (৩৩) নামে এক নারী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় আগুনে দগ্ধ হয়েছেন অন্তত পাঁচ জন। নিহত গোলাপী কুড়িগ্রাম জেলার চিলমারি থানার সদরপাড়া গ্রামের আইনুল হকের স্ত্রী। তিনি উপজেলার বাড়ইপাড়া গ্রামের আইনাল হকের বাড়িতে ভাড়া থেকে ঐ কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

গতকাল রবিবার সকালে পুলিশ ঐ কারখানার ওয়াশ রুম থেকে তার লাশ উদ্ধার করে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুনে পোড়া লাশটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দিন আহম্মেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে কারখানার ভেতরে বিকট শব্দে একটি বৈদ্যুতিক মোটর বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। পুড়ে যায় কারখানার মূল্যবান মেশিনপত্র, কেমিক্যাল ও জুতা তৈরির সরঞ্জাম। পরে কালিয়াকৈর ও সাভার ইপিজেড ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।