রাজধানীর আদাবরে এক পোশাককর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ছয় মাস করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। গতকাল রবিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক সামছুন্নাহার এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া দুই আসামি হলেন সজীব ঢালী ও আবু হাসান ওরফে সাঈদ। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আলী আসগর স্বপন। তিনি বলেন, রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে হাজির ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
এ মামলায় পলাতক দুই আসামি আকাশ ওরফে মোসলেম এবং আনোয়ার বয়াতীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস দিয়েছে। মামলার এজাহার থেকে জানা গেছে, ২০১৭ সালের ২০ জানুয়ারি রাত সাড়ে ৮টায় পোশাক কারখানায় কাজ শেষে বাসায় ফিরছিলেন ঐ নারী। রাজধানীর আদাবর থানাধীন শ্যামলী হাউজিং প্রকল্পের পানির পাম্পের সামনে পৌঁছালে সজীব, আবু হাসানসহ দুজন পুরুষ তার গতিরোধ করে টেনে-হিঁচড়ে শান্তা ওয়েস্টার হাউজিং ও আজিম গার্মেন্টসের ফাঁকা মাঠে নিয়ে ধর্ষণ করেন।
এ ঘটনায় পরের দিন ভিকটিমের মা আদাবর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১)/৩০ ধারায় মামলা করেন। মামলার পরে পুলিশ পরিদর্শক ইসমত আরা মামলাটি তদন্ত করে চার জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।