প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ২০১৮-এর মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া চাকরিপ্রত্যাশীরা প্যানেল গঠন করে নিয়োগের দাবি জানিয়েছে। দাবি আদায়ে গতকাল রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন নিয়োগপ্রত্যাশীরা।
প্যানেল বাস্তবায়ন কেন্দ্রীয় উপকমিটির প্রধান আবু হাসান মানববন্ধনে বলেন, দুই শতাধিক সংসদ সদস্য, মন্ত্রী, প্রতিমন্ত্রীর ডিও লেটার জমা দেওয়া এবং গত ২৬ আগস্ট অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ করা সত্ত্বেও প্যানেল গঠন করে আমাদের নিয়োগের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই করোনা পরিস্থিতি বিবেচনায় এনে দ্রুত প্যানেল গঠন করে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী সবাইকে নিয়োগ দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমরা প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি।
আন্দোলনকারীরা বলেন, গত ছয় বছরে সরকারি প্রাথমিকে একটিমাত্র শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এ পরীক্ষায় ২৪ লাখ প্রার্থী অংশ নেয়। এর মধ্যে ৫৫ হাজার লিখিত পরীক্ষায় পাশ করলেও ১৮ হাজার প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়। তারা বলেন, দীর্ঘদিন থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট থাকলেও প্যানেলভুক্ত প্রার্থীদের মধ্যে থেকে নিয়োগ দেওয়া হচ্ছে না। আগে এ পদ্ধতি অনুসরণ হলেও গত ৯ মাস থেকে যৌক্তিক দাবিতে আমরা আন্দোলন করছি। কিন্তু কর্তৃপক্ষ সাড়া দেয়নি।