ধষর্ণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডে করতে আইনের সংশোধনী আজ উঠছে মন্ত্রিসভায়

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনীর খসড়া আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে উঠছে। এতে ঐ আইনের ৯(১) ধারায় এই সংশোধনী আনার প্রস্তাব করা হয়েছে বলে জানা গেছে। এর আগে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নির্দেশ দিয়েছেন এই আইনের (নারী ও শিশু নির্যাতন দমন আইন) সংশোধনী নিয়ে আসার জন্য। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে প্রস্তাব উত্থাপন করা হচ্ছে।

২০০০ সালে প্রণীত নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ডের কথা বলা হয়েছে। আর ধর্ষণের ফলে নারী বা শিশুর মৃত্যু হলে দোষী ব্যক্তির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। এর পাশাপাশি দুই ক্ষেত্রেই অর্থদণ্ডের বিধান রাখা আছে।

দেশে অব্যাহতভাবে বৃদ্ধি পেয়েছে ধর্ষণের ঘটনা। ধর্ষকদের হাত থেকে রেহাই পাচ্ছে না নারী-শিশু। এ ধরনের নারী ও শিশু নির্যাতনের ঘটনা বৃদ্ধি পাওয়ায় তা ভাবিয়ে তুলছে সরকারকে। এ কারণে প্রধানমন্ত্রীর নির্দেশে সরকার আইনি সংশোধনের উদ্যোগ নিয়েছে।