ফরাসি ওপেনে আরো একবার নিজের রাজত্ব ধরে রাখলেন রাফায়েল নাদাল। ধরনটাও হলো রাজসিক। রোলাঁ গারোঁর ফাইনালে নোভাক জকোভিচকে সরাসরি সেটে উড়িয়ে দিয়ে ক্যারিয়ারে ২০তম গ্র্যান্ড স্ল্যামটি জিতে রজার ফেদেরারের সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডে ভাগ বসান তিনি।
প্রতিপক্ষ যে-ই হোক, রোলাঁ গারোঁয় নাদালই অবিসংবাদিত ফেবারিট। ফাইনালের আগেও ব্যাপারটা ছিল তেমনই। কিন্তু গতকাল যা করেছেন, এমন কিছুর প্রত্যাশা নিশ্চয়ই পাঁড় নাদালভক্তও করেননি।
ম্যাচ শুরুর আধা ঘণ্টা পেরোতেই শেষ প্রথম সেট। আর ফল? নাদাল ৬-০ জকোভিচ! ক্যারিয়ারে যে আর কখনোই কোনো ফাইনালে এমন বাজে শুরু হয়নি জকোভিচের!
এত বাজে শুরুর পর আর প্রতিপক্ষের ম্যাচে ফেরার মানসিক দৃঢ়তা থাকে কমই। দ্বিতীয় সেটে ৬-২ ব্যবধানে হেরে জকোভিচ তৃতীয় সেটে অবশ্য জোর চেষ্টাই করেছিলেন ফেরার। কিন্তু লাল মাটির দুর্গে যে নাদালই সম্রাট! ৬-০, ৬-২, ৭-৫ ব্যবধানে জিতে রেকর্ড ১৩তম ফ্রেঞ্চ ওপেন শিরোপা ঘরে তোলেন নাদাল। ফেদেরারের সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের কীর্তিতেও ভাগ বসানো হয়ে যায় তাতে!