সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্য বিধি মেনে টাঙ্গাইলের মির্জাপুরে হিন্দু ধর্মের সবচেয়ে বৃহৎ উৎসব শারদীয়া দুর্গাপূজার প্রস্তুতি নেওয়া হয়েছে।
এ বছর পৌরসভা ও ১৪ ইউনিয়নে ২০৮টি মণ্ডপে শারদীয়া দুর্গাপূজা উদযাপন হচ্ছে বলে আজ সোমবার মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান জানিয়েছেন।
মণ্ডপে এখন প্রতিমা তৈরী এবং প্রতিমায় রং তুলির আচর দিতে ব্যস্ত সময় পারছেন কারীগররা।
প্রতি এবছর দানবীর রণদা প্রসাদ সাহার দৃষ্টি নন্দন পূজা মণ্ডপ দেখতে মন্ত্রী-এমপি, বিদেশী কুটনৈতিকসহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শনে এলেও এ বছর করোনা ও বন্যাজনিত কারণে নেই কোন আনুষ্ঠানিকতা। কুমুদিনী কমপ্লেক্স ও দানবীর রণদা প্রসাদ সাহার গ্রামের বাড়ি মির্জাপুর সাহাপাড়া গ্রামের বাড়িতেও নেই তেমন কোন সাজ সজ্জা।
মির্জাপুর উপজেলা পূজা উদযাপন কমিটি ও মির্জাপুর থানা পুলিশ সুত্র জানায়, এ বছর মির্জাপুর পৌরসভা ও উপজেলার ১৪ ইউনিয়নে ২০৮ মণ্ডপে শারদীয়া দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পৌরসভায় ২৪টি, আজগানা ইউনিয়নে ২টি, বাঁশতৈল ইউনিয়নে ৩টি, তরফপুর ইউনিয়নে ১৬টি, লতিফপুর ইউনিয়নে ১৫টি, গোড়াই ইউনিয়নে ১৭টি, ভাওড়া ইউনিয়নে ৩টি, ওয়ার্শি ইউনিয়নে ১৩টি , আনাইতারা ইউনিয়নে ২টি, মহেড়া ইউনিয়নে ১১টি, জামুর্কি ইউনিয়নে ২৫টি, বানাইল ইউনিয়নে ১৭টি, ভাদগ্রাম ইউনিয়নে ২৪টি, বহুরিয়া ইউনিয়নে ১০টি এবং ফতেপুর ইউনিয়নে ১৬টিসহ মোট ২০৮টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। গত বছর মণ্ডপ হয়েছিল ২৩৭ টি।
দেশে চলমান মহামারী করোনা এবং দীর্ঘস্থায়ী বন্যার কারণে পূজা র সংখ্যা কমে গেছে এবং থাকছে না উৎসাহ-উদ্দীপনা বলে উপজেলা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু প্রমথেস গোষ্মামী সংকর।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক বলেন, মির্জাপুর একটি শান্তি প্রিয় এলাকা। স্থানীয় সংসদ সদস্য ও সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেন এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক মোস্তাকিম, সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর্জা মো. জুবায়ের হোসেন এবং পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল এলাকার প্রতিটি মণ্ডপে জন্য সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা করে যাচ্ছেন। ইতিমধ্যে উপজেলা প্রশাসন এবং থানা পুলিশ প্রশাসন আইন-শৃঙ্খলা উন্নয়য়নের জন্য পূজা উদযাপন কমিটির সভাপতি-সম্পাদক, বিভিন্ন পূজা মণ্ডপ কমিটির সভাপতি-সম্পাদকসহ সুশীল সমাজের সঙ্গে সভা করেছেন।
এ ব্যাপারে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকতা মো. সায়েদুর রহমান এবং উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক মোস্তাকিম বলেন, টাঙ্গাইল জেলার ১২ উপজেলার মধ্যে মির্জাপুরে সর্বাধিক ২০৮ মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি পূজা মণ্ডপে সীমিত আকারে সামাজিক নিরাপত্তা বজায় রেখে সুষ্ঠু ভাবে পূজা উদযাপনের জন্য প্রশাসন থেকে সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইত্তেফাক/এমআরএম