টেকনাফে ইয়াবা-অস্ত্রসহ আটক ৫

টেকনাফে র‌্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবা ও অস্ত্র নিয়ে ৫জনকে আটক করেছে।

র‌্যাব জানায়, রবিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে র‌্যাব-১৫ (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের চৌকষ একটি আভিযানিক দল মাদকের চালান বহনের সংবাদ পেয়ে টেকনাফস্থ হ্নীলা জাদিমোরা ওমরখালের উত্তর-পশ্চিম পাশে অবস্থান নেয়। এসময় সশস্ত্র মাদক কারবারীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে হ্নীলা ঊলুচামরী স্কুল পাড়ার মৃত কালা মিয়ার পুত্র শাহ জালাল ওরফে লাশ জালাল (১৯), রঙ্গিখালী পূর্ব পাড়ার মৃত নবী হোছনের পুত্র মোঃ খায়ের (১৯), সহযোগী গাজী পাড়ার সাবের আহমদের পুত্র নুরুল আফসার (২২), উলুচামরীর নুরুল ইসলামের পুত্র হেলাল উদ্দিন (২৩) এবং আব্দুল হাকিমের পুত্র মোঃ হেলাল উদ্দিন (২৬) কে আটক করে। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাদের দেহ তল্লাশী করে ২টি বিদেশী পিস্তল, ৮ রাউন্ড গুলি এবং ৪০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

র‌্যাব -১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে পৃথক মামলা দায়েরের পর জব্দকৃত অস্ত্র,বুলেট ও ইয়াবাসহ আটকদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে

ইত্তেফাক/এমআরএম