শৈলকুপায় প্রতিপক্ষের বল্লমের আঘাতে নারী নিহত, আটক ৩

ঝিনাইদহে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের বল্লমের আঘাতে এক নারী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৫ জন। ভাংচুর করা হয়েছে ৫টি বাড়িঘর। আজ সকালে শৈলকুপা উপজেলার ভাটবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের ছেলে বেলাল হোসেন জানান, দীর্ঘদিন ধরে সারুটিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন ও গত নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী জুলফিকার কাইসার টিপুর সমর্থকদের মাঝে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এ দুজনের সমর্থনে প্রতি গ্রামে দুটি সামাজিক দল সৃষ্টি হয়েছে। তারা টিপুর সমর্থক আজিজুর রহমান মাতব্বরের দলে।

তিনি অভিযোগ করে বলেন, সোমবার সকাল ৬টার দিকে মামুন চেয়ারম্যান সমর্থক গ্রামে তাদের প্রতিপক্ষ আফজাল বিশ্বাসের দলের প্রায় একশ লোক তাদের বাড়িতে ঢাল, সরকি, রামদা লাঠিসোটা নিয়ে হামলা চালায়। তারা ঘরে আশ্রয় নেয়। হামলাকারিরা ঘর ভেঙ্গে ভিতরে ঢুকে তাদের উপর হামলা করে। মা সুফিয়া বেগম ছেলেদের বাঁচাতে বাধা দিলে হামলাকারিদের বল্লমের আঘাতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে শৈলকুপা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামলাকারিরা চলে যায়।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার সাঈদ জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসাপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।


ইত্তেফাক/আরকেজি