বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর উদ্যোগে গত ১১ অক্টোবর ২০২০ তারিখে ‘Software as a Service for SMEs’ শীর্ষক সফটওয়্যার প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান অনলাইন ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সম্মানিত আলোচক হিসেবে আলোচনায় অংশ নেন বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবীর ও জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারহানা এ রহমান; এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. সফিকুল ইসলাম ও মহাব্যবস্থাপক মো. সিরাজুল হায়দার এনডিসি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেসিস স্থানীয় বাজার সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান সোহেল।
বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারহানা এ রহমান স্বাগত বক্তব্যের মাধ্যমে আলোচনা অনুষ্ঠানের সূচনা করেন। ইনভেন্টরি মডেল ব্যবহার করে এসএমই উদ্যোক্তারা saas.basis.org.bd লিঙ্ক-এ প্রবেশ করে বিনামূল্যে একটি নির্দিষ্ট সময়ের জন্য সফটওয়্যার ব্যবহার করতে পারেন।
বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর তার বক্তব্যে বলেন, আজকের এই উদ্যোগ এসএমই উদ্যোক্তাগণের জন্য সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করবে। saas.basis.org.bd এই ওয়েবসাইটটির উদ্বোধন ঘোষণা করেন বেসিস সভাপতি।