রাজু আলীম মূলত একজন কবি, সাংবাদিক, উপস্থাপক, টিভি প্রযোজক ও চলচ্চিত্র পরিচালক। এসব কর্মকাণ্ডের পাশাপাশি মাঝে মধ্যে নাটকে অভিনয়ও করেন। প্রথমবার সিনেমায় অভিনয় করেছেন। সিনেমার নাম ‘ভালোবাসার প্রজাপতি’। এতে তিনি চিত্রনায়িকা পপির নায়ক হিসেবেই দর্শকের সামনে আসছেন। এতে তিনি পপির প্রেমিক ও স্বামীর চরিত্রে অভিনয় করেছেন। সমপ্রতি সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছে। অভিনয়ের পাশাপাশি মাসুমা তানির সঙ্গে সিনেমাটি যৌথভাবে পরিচালনাও করেছেন রাজু আলীম। করোনাকালীন প্রেম, মানবিকতা এবং মহামারীর ফলে সামাজিক ও ব্যক্তিগত জীবনে কতটা প্রভাব পড়ছে এটাই দেখাতে চেয়েছেন রাজু আলীম। রাজু আলীম বলেন, ‘প্রথম সিনেমায় সহশিল্পী হিসেবে পপিকে পেয়েছি। বেশ আন্তরিকতা নিয়েই পপি এখানে অভিনয় করেছেন। কাজের অভিজ্ঞতা বেশ ভালো। আশা করছি এটি দর্শকদের ভালো লাগবে।’