পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার দিক থেকে আমরা খুব একটা পিছিয়ে নেই। তবুও মাঝে মাঝে আমাদের উপর কিছু ধাক্কা আসে। প্রধানমন্ত্রীর সুষ্ঠু পরিকল্পনার ফলে সেগুলো মোকাবিলা করতে আমরা সক্ষম হচ্ছি। এ সময় তিনি আসন্ন শারদীয় দুর্গাপূজায় আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সজাগ থাকার ও স্বাস্থ্যবিধি মেনে সবাইকে পূজা উদযাপনের আহবান জানান।
প্রতিমন্ত্রী সোমবার (১২ অক্টোবর) রাজশাহীর বাঘা উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, নারী ও শিশু পাচার রোধ, বাল্যবিবাহ, জঘন্য অপরাধসমূহ নিয়ন্ত্রণ, জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ, নির্মূল ও নিয়ন্ত্রণে সামাজিক সচেতনতা বৃদ্ধি, মাদক নিয়ন্ত্রণ, কোভিড-১৯ পরিস্থিতি, মোবাইল কোর্ট পরিচালনা, শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপন এবং গ্রাম আদালত পরিচালনা ও মামলা সংক্রান্ত বিষয় আলোচনা হয়। সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করা হয়।
কোভিড-১৯ পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে শিক্ষার্থীরা অলস হয়ে পড়ছে। আবার কেউ কেউ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এ সময় অনলাইন ক্লাসের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আমাদের খোলামেলা আলোচনা প্রয়োজন। শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালিত করতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অভিভাবকদের নিয়ে বছরে অন্তত একটি সমাবেশ করতে হবে। যেহেতু বর্তমানে বিশদ আকারে সম্ভব নয় তাই স্বল্প পরিসরে হলেও পর্যায়ক্রমে এটি অনুষ্ঠিত করার পরামর্শ প্রদান করা হয়। শিক্ষার্থীদের প্রকৃতির কাছাকাছি এনে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার জন্য এ সময় তিনি ইউপি চেয়ারম্যানদের নির্দেশ দেন।
উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিন রেজার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট লায়েব উদ্দীন লাভলু, পৌর মেয়র, অফিসার ইনচার্জ, উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থার কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এমআর