মসজিদে বিস্ফোরণ

তিতাসের ঘুষ চাওয়া ব্যক্তি শনাক্তের কাজ চলছে

মসজিদে বিস্ফোরণে হতাহতের ঘটনায় ৩ সপ্তাহের মধ্যে অভিযোগপত্র (চার্জশিট) প্রদান করা হবে। এতে ৩০ জনের বেশি লোককে অভিযুক্ত করা হতে পারে। 

এ লক্ষ্যে কাজ করে চলেছে সিআইডি। ইতোমধ্যে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। 

সোমবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিআইডির নারায়ণগঞ্জ বিশেষ পুলিশ সুপার নাছির উদ্দিন আহম্মেদ। 

তিনি জানান, এ ঘটনায় মসজিদ কমিটির গাফিলতি রয়েছে। প্রয়োজনে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। তিতাস ও বিদ্যুতের সংশ্লিষ্টদের গাফিলতি আছে। তাদেরকেও আইনের আওতায় আনা হবে। তাছাড়া তিতাসের কে ঘুষ চেয়েছিলেন সেই ব্যক্তিকেও চিহ্নিত করার কাজ চলছে। 

সিআইডির এই কর্মকর্তা জানান, মসজিদের মূলত বিদ্যুতের স্পার্ক থেকেই গ্যাসের বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বিদ্যুতের সংশ্লিষ্টদের গাফিলতির প্রমাণ মিলেছে। মসজিদে যদি মিটার রিডার আরিফুর প্রতি মাসে যেত তাহলে, এমন ঘটনা হত না। কারণ প্রতি মাসে মিটার চেক করলে অবৈধ সংযোগ বা সমস্যা ধরা পড়ত। 

এদিকে সোমবার ডিপিডিসির বহিষ্কৃত বিদ্যুতের রিডার আরিফুর রহমানকে (৩০) গ্রেফতার করেছে মামলাটির তদারক সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। 

৪ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লায় মসজিদে বিস্ফোরণে ৩৭ জন দগ্ধ হন। তাদের মধ্যে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। এখনও হাসপাতালের আইসিইউতে আশঙ্কাজনক রয়েছেন দুইজন। 

বিস্ফোরণের ঘটনায় ৫ সেপ্টেম্বর ফতুল্লা থানার এসআই হুমায়ন কবির বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে ফতুল্লা থানায় মামলা করেন। পরবর্তীতে মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়। 

ইত্তেফাক/জেডএইচ