স্পোর্টস রিপোর্টার
মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সকাল ১০টায় অনুশীলনে নামার কথা ছিল মাহমুদউল্লাহ একাদশের। কিন্তু সেই সময়টাতেই চরাচর ডুবে যাওয়া বৃষ্টি নামল। শেষ পর্যন্ত অনুশীলন হলো সন্ধ্যার পর।
খেলোয়াড়রা মাঠে নামলেও বৃষ্টি থামতেই ঝাঁপিয়ে পড়লেন মাঠকর্মীরা। যেন, আন্তর্জাতিক ম্যাচের প্রস্তুতি। ঠিক আন্তর্জাতিক ম্যাচ না হলেও বাংলাদেশে ক্রিকেট ফেরানোর টুর্নামেন্ট তো বটেই। আজ সেই টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে মাহমুদউল্লাহ ও তামিম একাদশ। তামিমের দলের এটা প্রথম খেলা। ফলে তারা অনেকটাই নির্ভার হয়ে থাকতে পারছে। কিন্তু চ্যালেঞ্জটা রিয়াদের দলের জন্য। তারা এরই মধ্যে টুর্নামেন্টের প্রথম ম্যাচে তরুণতর নাজমুল হোসেন একাদশের কাছে হেরে গেছে। ফলে টুর্নামেন্টে টিকে থাকার জন্য এ ম্যাচটা জেতাটা জরুরি তাদের।
রিয়াদের দলে তারকার অভাব নেই। কিন্তু লিটন, নাঈম, মুমিনুল, সাব্বির, সোহান আগের ম্যাচে দারুণভাবে ব্যর্থ হয়েছেন। রিয়াদ নিজে এবং ইমরুল কায়েস রান পেয়েছেন। তাও সময়ের দাবি মেটানোর মতো বড় ইনিংস খেলতে পারেননি। ফলে শান্তর একাদশের কাছে ৪ উইকেটে হেরে গেছে তার দল।
যদিও রিয়াদের দলের ফাস্ট বোলার এবাদত শুরুতে ভালো বল করেছেন এবং ৩টি উইকেট নিয়েছেন। রিয়াদ নিজেও বেশ আঁটোসাঁটো বোলিং করেছেন। কিন্তু তাদের জয়ে ফিরতে হলে মূলত ব্যাটিংয়ে ভালো করার বিকল্প নেই। বিশেষ করে টপ অর্ডারকে জ্বলে উঠতে হবে।
তিন দলের মধ্যে তারকা বিচারে সবচেয়ে পিছিয়ে সম্ভবত তামিমের দল। উদ্বোধনী জুটিতে তামিমের সঙ্গী হবেন সম্ভবত তরুণ তানজিদ হাসান তামিম। এ ছাড়া আছেন এনামুল হক বিজয়। ব্যাটিংয়ে এদের বাইরে মোহাম্মদ মিঠুন ও মোসাদ্দেক হোসেন ছাড়া বড় নাম নেই। বোলিংটাও মূলত মুস্তাফিজনির্ভর। তবে আনকোরা তরুণরা জ্বলে উঠলে এ দলটাই চমকে দিতে পারে সবাইকে।
প্রথম ম্যাচে এই তরুণ দলটা কেমন করে, সেটা দেখার দিকে চোখ থাকবে অনেকেরই। পাশাপাশি বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলীর জন্যও একটা দৃষ্টি থাকার কথা।