করোনা নেগেটিভের অপেক্ষায় রেডফোর্ড

স্পোর্টস রিপোর্টার

কয়েক দফা পেছানোর পর গতকাল ঢাকায় এসে পৌঁছেছেন ইংলিশ কোচ টবি রেডফোর্ড। তার মূল দায়িত্ব বাংলাদেশ হাই পারফরম্যান্স দলের কোচ হিসেবে কাজ করা। তার আগেই অবশ্য চলমান বিসিবি প্রেসিডেন্টস কাপে তার ‘নাজমুল হোসেন একাদশ’-এর কোচ হিসেবে কাজ করার কথা। কিন্তু দেশের বাইরে থেকে আসায় সঙ্গে সঙ্গেই কাজ শুরু করতে পারছেন না তিনি। তাকে অপেক্ষা করতে হচ্ছে করোনা নেগেটিভ সনদ পাওয়ার জন্য।

সাধারণত দেশের বাইরে থেকে কেউ এলে তাকে ১৪ দিনের কোয়ারেন্টাইন পালন করতে হয়। কিন্তু রাসেল ডমিঙ্গোসহ বিসিবি তার প্রায় সব কোচের জন্য স্বাস্থ্য বিভাগের কাছ থেকে বিশেষ অনুমতি পেয়েছিল। তারা দুই বার করোনা নেগেটিভ সনদ পাওয়ায় যোগ দিতে পেরেছিলেন অনুশীলনে। রেডফোর্ডের জন্যও সেরকম ব্যবস্থা করতে চাচ্ছে বিসিবি।  গতকাল বিসিবির প্রধান চিকিত্সক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘আমরা কোচদের জন্য আগে একবার বিশেষ অনুমতি নিয়েছি সরকারের কাছ থেকে। আজ (গতকাল) রেডফোর্ডের জন্যও অনুমতি চাওয়া হয়েছে। এটা হয়তো পেয়ে যাব আমরা। ও (রেডফোর্ড) দেশ থেকে একবার করোনা পরীক্ষা করিয়ে এসেছে। এখানে আরেকটা পরীক্ষা হবে। ওকে আমরা বলেছি, সবমিলিয়ে পাঁচ-ছয় দিন সময় ওকে আটকে থাকতে হবে।’ রেডফোর্ডের দল এরই মধ্যে টুর্নামেন্টের প্রথম ম্যাচে জয় পেয়েছে। দ্বিতীয় ম্যাচেও তাকে ছাড়াই মাঠে নামবে দলটি।