কলেজছাত্রীর সঙ্গে প্রতারণার দায়ে যুবক আটক
বিশেষ প্রতিনিধি
রাজধানীর একটি নামি কলেজের প্রথম বর্ষের ছাত্রীর তিন মাস আগে ফেসবুকে পরিচয় আবির নামে এক তরুণের সঙ্গে। আবির জানিয়েছিল সে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ‘বিত্তবান’ বাবার একমাত্র সন্তান। ঐ ছাত্রী আবিরকে বিশ্বাস করে প্রেমে পড়ে। আবির ঐ তরুণীকে অশালীন অবস্থায় ভিডিও কল করতে অনুরোধ করে এবং একই ধরনের ছবি তুলে তাকে পাঠাতে বলে। মেয়েটি তাই করে। কিন্তু এই ভিডিও চ্যাট মোবাইলে রেকর্ড করে এবং নগ্ন ছবি হাতে পাবার পর আবির ব্ল্যাকমেইলের মাধ্যমে তার সঙ্গে বাস্তবে শারীরিক সম্পর্ক স্থাপন এবং টাকা দাবি করতে শুরু করে। মানসিক নির্যাতনের মুখে ঐ ছাত্রী এক পর্যায়ে বিষয়টি তার মাকে জানায়। মেয়েকে নিয়ে তিনি ৩ অক্টোবর হাজির হন খিলক্ষেত থানায়। ওসির কাছে ঘটনার বর্ণনা দিতে গিয়ে মা-মেয়ে কান্নায় ভেঙে পড়েন। ওসি বিষয়টি শুনে অভিযুক্তকে গ্রেফতারের নির্দেশ দেন। গত ৭ অক্টোবর পুলিশ আবিরকে মিরপুর-১ গোলচত্বর এলাকার একটি মেস থেকে গ্রেফতার করে। জব্দ করা হয় প্রতারণার কাজে ব্যবহূত মোবাইল ফোন ও ল্যাপটপ, ভিকটিমের আপত্তিকর ছবি ও ভিডিও ক্লিপ। জিজ্ঞাসাবাদে আবির জানায়, সে দীর্ঘদিন ধরে অনেক মেয়েকে এভাবে ফাঁদে ফেলে মোটা অঙ্কের টাকা আদায় করে আসছিল। বিষয়টি নিশ্চিত করেন ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন। তিনি জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আবির নিজেকে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রবলে দাবি করেছে।