অভিযোগ জানানো যাবে আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরে

ইত্তেফাক রিপোর্ট

আমদানি-রপ্তানি সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যায় সরাসরি আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরে অভিযোগ জানানো যাবে। ০২-৪১০৫০৫২২ নম্বরে প্রতি কর্মদিবসে অফিস চলাকালীন জানানো যাবে অভিযোগ। এমনকি অফিসে গিয়ে কিংবা অনলাইনেও লিখিত অভিযোগ জানানো যাবে। সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর। প্রজ্ঞাপনে বলা হয়, সেবা গ্রহীতাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রধান বা আঞ্চলিক কার্যালয়ের সেবা সংক্রান্ত কোনো বিষয়ে জানতে, সেবার বিষয়ে কোনো অভিযোগ বা পরামর্শ প্রদানের সুবিধার্থে পরিবর্তিত টেলিফোন নম্বরে (০২-৪১০৫০৫২২) প্রতি কর্মদিবসে অফিস চলাকালীন অর্থাত্ সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে। এতে আরো বলা হয়, অত্র দপ্তরের আওতায় সেবাসমূহ অনলাইনে প্রদান করা হয় বিধায় সরাসরি অফিসে উপস্থিত হতে নিরুত্সাহিত করা হচ্ছে। তবে কেউ সরাসরি এসেও অভ্যর্থনা কক্ষে স্থাপিত হেল্পডেক্স সহায়তা গ্রহণ করতে পারবেন। একই সঙ্গে অভ্যর্থনা কক্ষে রক্ষিত অভিযোগ বক্সে লিখিত অভিযোগ/পরামর্শ জমা দিতে পারবেন। এছাড়া অনলাইনে প্রধান নিয়ন্ত্রকের ই-মেইল controller.chief@ccie.gov.bd জানাতে পারবেন।