ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটবাড়িয়া গ্রামে সোমবার সকালে ছেলেদের বাঁচাতে গিয়ে বল্লমের আঘাতে প্রাণ গেছে মা সুফিয়া খাতুনের। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলাকালে ছেলেদের বাঁচাতে গিয়ে বল্লমের আঘাতে তার মৃত্যু হয়। নিহতের ছেলে বেলাল হোসেন জানান, দীর্ঘদিন ধরে সারুটিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন ও গত নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী জুলফিকার কাইসার টিপুর সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। সোমবার সকালে মামুন চেয়ারম্যান সমর্থক প্রতিপক্ষ আফজাল বিশ্বাসের দলের লোকজন তাদের বাড়িতে ঢাল, শরকি, রামদা লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার সাঈদ জানান, পুলিশ বৃদ্ধার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তিন জনকে আটক করা হয়েছে।