খুলনায় গৃহবধূ হত্যার দায়ে স্বামীসহ তিন জনের মৃত্যুদণ্ড

খুলনা অফিস

খুলনায় গৃহবধূ টুম্পা মণ্ডল হত্যা মামলায় স্বামী প্রসেনজিত্ গাইনসহ তিন জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। সোমবার দুপুরে খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। এছাড়া তাদের দুটি ধারায় ৪৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো সাত বছর করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত অপর দুই আসামি হলেন অনিমেষ গাইন এবং বিপ্লব কান্তি মণ্ডল। বর্তমানে প্রসেনজিত্ ও বিপ্লব পলাতক রয়েছেন।  আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ৯ অক্টোবর খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার বাদুড়গাছা গ্রামের ঘ্যাংরাইল নদী থেকে টুম্পার লাশ উদ্ধার করা হয়। পরদিন নিহতের ভাই সমিত মণ্ডল বাদী হয়ে ডুমুরিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ২৮ জন সাক্ষীর মধ্যে ২৬ জন সাক্ষ্য দিয়েছেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট এনামুল হক।