ভালো নেই জনপ্রিয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তার শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে। প্রস্টেটের ক্যানসারে আক্রান্ত সৌমিত্রের শরীরে অস্থিরতা বাড়ছে। ফুসফুস এবং মস্তিষ্কেও ছড়িয়ে পড়ছে ক্যানসারের জীবাণু। আর এগুলোই তার করোনা সংক্রমণকে জটিল করে তুলছে।
গত এক সপ্তাহ ধরে কলকাতার বেলভিউ হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, শনি ও রবিবার তাকে প্লাজমা থেরাপি দেওয়া হয়। দ্বিতীয়বার থেরাপি দেওয়ার পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল। কিন্তু গতকাল সোমবার ফের অবস্থার অবনতি হতে শুরু করে। সোমবার হাসপাতাল থেকে দেওয়া মেডিক্যাল বুলেটিনে বলা হয়েছে, তার নিউরো পরিস্থিতির উন্নতি হচ্ছে না। এখনো তাকে প্রয়োজনে ভেন্টিলেশনে নেওয়া হতে পারে। তার তন্দ্রাচ্ছন্নভাব কাটছে না। কথা বলতে অসুবিধা হচ্ছে।
গতকাল নতুন করে সৌমিত্রের জ্বর আসে, যা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। গত বছরই অসুস্থ হয়ে দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। হাসপাতাল সূত্রে খবর, তার সিওপিডিসহ বেশ কিছু বার্ধক্যজনিত সমস্যা রয়েছে। তবে তার বিভিন্ন অঙ্গপ্রতঙ্গে এখনো করোনার প্রভাব পড়েনি। এটাই একমাত্র আশার কথা।