ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে সংশোধিত ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০২০-এর খসড়ার বিরুদ্ধে রাজধানীর শাহবাগসহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি চলমান রাখার ঘোষণা দিয়েছে আন্দোলনে থাকা বামপন্থি কয়েকটি সংগঠন। তারা ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে ৯ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখবেন বলে ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে আগামী ১৬ অক্টোবর ঢাকা থেকে নোয়াখালী অভিমুখে লংমার্চ কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছেন তারা।
গতকাল সোমবার শাহবাগে আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অনিক রায় সাংবাদিকদের বলেন, ‘এ আন্দোলনের লক্ষ্য হচ্ছে ধর্ষণের শাস্তি নিশ্চিত করা। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবি কখনো তাদের ছিল না। তিনি বলেন, মৃত্যুদণ্ড দিয়ে কখনো ধর্ষণের মতো অপরাধ সমাজ থেকে নির্মূল করা যাবে না। এটা সামাজিক সমস্যা। সামাজিক আন্দোলনের মাধ্যমে এটি রোধ করতে হবে। তাই সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা আমরা মেনে নিতে পারছি না। ৯ দফা দাবিতে আন্দোলন চলবে।’
উল্লেখ্য, ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদে গত ৫ অক্টোবর থেকে টানা অষ্টম দিনের মতো শাহবাগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আন্দোলন চালিয়ে আসছে বাম ধারার ছাত্র সংগঠনগুলো। আন্দোলনকারীদের মধ্যে রয়েছে ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও কয়েকটি সাংস্কৃতিক সংগঠন। এই ধারাবাহিকতায় গতকাল তারা সাংস্কৃতিক সমাবেশ করেন। আজ মঙ্গলবার চলচ্চিত্র প্রদর্শনী, ১৪ অক্টোবর নারী সমাবেশ, ১৫ অক্টোবর সাইকেল র্যালি করবেন তারা। এ সময় উদীচী শিল্পীগোষ্ঠী ও চারণ সাংস্কৃতিক কেন্দ্রসহ বিভিন্ন সংগঠন গান পরিবেশন করে। এছাড়া কবিতা আবৃত্তির মাধ্যমে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানান তারা।
এদিকে ধর্ষণের বিরুদ্ধে গতকালও রাজধানীর ধানমন্ডি, মিরপুরসহ আরো কয়েকটি এলাকায় পৃথক প্রতিবাদ কর্মসূচি পালন করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। ধর্ষণ-নির্যাতনের বিরুদ্ধে সারা দেশে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। জোটের উদ্যোগে গতকাল বিকালে রাজধানীতে মিছিল শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশ থেকে এই আহ্বান জানানো হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাম জোটের কেন্দ্রীয় সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ। বক্তব্য রাখেন ইউনাইটেড কমিউনিস্ট লীগের অধ্যাপক আব্দুস সাত্তার, সিপিবির সেকান্দার হায়াত, বাসদ নেতা খালেকুজ্জামান লিপন প্রমুখ।
এছাড়া সারা দেশে চলমান ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ করেছেন বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের নেতারা। গতকাল দুপুরে মিছিলটি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, ‘আমরা ধর্ষণ, নিপীড়ন, গুম মুক্ত দেশ চাই।’ এর আগে সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতসহ অন্য নেতাকর্মীরা। আন্দোলনকারীরা বলেন, দেশে ধারাবাহিকভাবে ধর্ষণের যে অপসংস্কৃতি চালু হয়েছে, তাতে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করেও এই ঘৃণ্য কর্মকাণ্ড বন্ধ করা কঠিন হবে। ধর্ষণ সংস্কৃতি রোধ করতে হলে গণজাগরণের বিকল্প নেই।