‘নিলামে’ অর্থনীতির নোবেল

পৃথিবীর সর্বত্রই নিলাম হয় এবং সবার জীবনে এর প্রভাব পড়ে। সেই নিলামের নতুন তত্ত্ব দিয়ে এবার অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন অর্থনীতিবিদ পল আর. মিলগ্রম এবং রবার্ট বি. উইলসন। তাদের তত্ত্বে লাভবান হবেন ক্রেতা, বিক্রেতা এবং করদাতা সবাই। এমন তথ্যই জানিয়েছে সুইডেনের নোবেল কমিটি। খবর রয়টার্স ও ডয়চেভেলের

সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস গতকাল সোমবার জানিয়েছে, শুধু নিলামের তত্ত্ব ও কার্যপদ্ধতি ব্যাখ্যাই নয়, নোবেল জয়ী দুই অর্থনীতিবিদ নিলামের মাধ্যমে পণ্য-বিপণনের বিকল্প পদ্ধতিও আবিষ্কার করেছেন। কমিটি মনে করে, তারা যে নিলামের নতুন ফরম্যাট তৈরি করেছেন, তার থেকে প্রমাণিত হয়েছে প্রাথমিক গবেষণা থেকেই এমন একটা উদ্ভাবন সম্ভব যা সমাজের উপকারে লাগবে। বিভিন্ন জিনিস কেনা-বেচার ক্ষেত্রে নিলাম হয়। সেজন্যই মিলগ্রম ও উইলসনের উদ্ভাবনকে এতটা গুরুত্ব দিচ্ছে নোবেল কমিটি। এই দুই অর্থনীতিবিদ সোনার মেডেল ছাড়াও ১১ লাখ ডলার পাবেন। এর আগে পদার্থবিদ্যা, রসায়ন, চিকিত্সা, সাহিত্য ও শান্তির জন্য নোবেল পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হয়েছে। অর্থনীতির দুই পুরস্কার প্রাপকের নাম ঘোষণার মধ্য দিয়েই ২০২০ সালের নোবেল পুরস্কারের ঘোষণা পর্ব শেষ হলো। আগামী ১০ ডিসেম্বর নরওয়ের রাজধানী অসলোতে আয়োজিত অনুষ্ঠানে নোবেল সম্মাননা মেডেল ও পুরস্কারের অর্থ অর্থনীতিতে যুগ্মজয়ীর হাতে তুলে দেওয়া হবে।