আবরার হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ অব্যাহত

বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসি সাক্ষ্য দিয়েছেন। তিনি আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেছিলেন। গতকাল সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান তার জবানবন্দি গ্রহণ করেন। এরপর আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন। আজ মঙ্গলবার মামলাটির পরবর্তী সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নিয়ে মামলাটিতে ৬০ সাক্ষীর মধ্যে ছয় জনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো।

গত ১৪ সেপ্টেম্বর ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। এরপর ৫ অক্টোবর থেকে এই মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়। অভিযুক্তদের মধ্যে ২২ জন কারাগারে আছেন। তিন জন পলাতক। আট জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গত বছরের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগের নেতাকর্মীরা আবরারকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে।