নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় তিন সপ্তাহের মধ্যে চার্জশিট

ফতুল্লার পশ্চিম তল্লায় মসজিদে বিস্ফোরণে হতাহতের ঘটনায় আগামী ৩ সপ্তাহের মধ্যেই চার্জশিট দেওয়া হবে। এতে অন্তত ৩০ জনকে অভিযুক্ত করা হতে পারে। এ লক্ষ্যেই মামলার তদারক সংস্থা সিআইডি কাজ করে চলেছে। ইতিমধ্যে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিআইডির নারায়ণগঞ্জ বিশেষ পুলিশ সুপার নাছির উদ্দিন আহম্মেদ। তিনি জানান, এ ঘটনায় মসজিদ কমিটির গাফিলতি আছে। প্রয়োজনে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। তিতাস ও বিদ্যুতের সংশ্লিষ্টদের গাফিলতি আছে। তাদেরও আইনের আওতায় আনা হবে। তাছাড়া তিতাসের কে ঘুষ চেয়েছিলেন সেই ব্যক্তিকেও চিহ্নিত করার কাজ চলছে। এদিকে গতকাল ডিপিডিসির সাময়িকভাবে বরখাস্ত মিটার রিডার আরিফুর রহমানকে গ্রেফতার করেছে সিআইডি। পাঁচ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হবে।