রাজধানীতে বাসের ধাক্কায় মা নিহত মেয়ে আহত

রাজধানীর মত্স্য ভবন মোড়ে গতকাল রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় রেজিয়া খাতুন (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। ঘটনার সময় সঙ্গে থাকা তার মেয়ে রিনা আক্তার আহত হন। আহতাবস্থায় তাদের দুই জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে বিকাল সাড়ে ৫টার দিকে রেজিয়াকে চিকিত্সকরা মৃত ঘোষণা করেন। দুই ছেলে ও দুই মেয়ের জননী রেজিয়া খাতুন।

নিহত রেজিয়ার ছেলে আবুল হাসান জানান, তাদের বাড়ি পাবনার সুজানগর উপজেলার নুরউদ্দিনপুর গ্রামে। তার বাবা রশিদ খান একজন মুক্তিযোদ্ধা। আবুল হাসান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডে মশককর্মী হিসেবে চাকরি করেন। থাকেন গণপূর্ত কোয়ার্টারে। দাঁতের চিকিত্সার জন্য পাঁচ-ছয় দিন আগে তার মা গ্রাম থেকে ঢাকা আসেন।

তিনি জানান, সোমবার তার মাকে মিরপুর ১ নম্বরের বাসায় নিয়ে যেতে এসেছিলেন বোন রিনা। বিকালে আবুল হাসান নিজেই মা ও বোনকে মত্স্য ভবন মোড়ে নিয়ে যান গাড়িতে উঠিয়ে দিতে। তবে মোড়ে মা ও বোন রাস্তা পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাস তাদের দুই জনকে সজোরে ধাক্কা দেয়।

শাহবাগ থানার ওসি মামুনুর রশিদ জানান, মা-মেয়ে মত্স্য ভবন মোড়ে বার কাউন্সিলের সামনের রাস্তা পার হওয়ার সময় মালঞ্চ পরিবহনের একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে মা নিহত ও মেয়ে আহত হন। বাসের চালককে আটক এবং ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে।