ঢাকায় মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাষ্ট্রের সমর্থন চাইবে বাংলাদেশ

রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসনে যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থন চাইবে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ই বিগানের ঢাকা সফরে এ সমর্থন চাওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, বিগানের সফরে ইন্দো-প্যাসিফিক স্ট্রাটেজির (আইপিএস) আওতায় বাংলাদেশে যুক্তরাষ্ট্রের আরো বিনিয়োগ এবং ভিসা ইস্যু নিয়ে আলোচনা হবে।

রোহিঙ্গা সংকট একা বাংলাদেশের নয়, এটা বিশ্বের দায় উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই। এ সংকট দীর্ঘায়িত হলে এ অঞ্চলের নিরাপত্তার জন্য তা হুমকি। এ কারণে যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রীর সফরে আলোচনায় রোহিঙ্গা সংকট ইস্যু তুলে ধরে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে বিশ্বের বিশেষ করে যুক্তরাষ্ট্রের সমর্থন চাওয়া হবে।

পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, আইপিএসের আওতায় বাংলাদেশ অবকাঠামো উন্নয়নে যুক্তরাষ্ট্রের আরো বিনিয়োগ চাইবে। এছাড়াও তার সফরে যুক্তরাষ্ট্রের ভিসা ইস্যু নিয়েও আলোচনা করা হবে।

আগামীকাল বুধবার ঢাকা আসবেন যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ই বিগান। তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া সরকারের অন্যান্য পর্যায়ে ঊর্ধ্বতনদের সঙ্গেও তার সাক্ষাত্ করার কথা রয়েছে।  বর্তমানে তিনি ভারত সফর করছেন। কূটনৈতিক সূত্র জানায়, এ সফরের আলোচনায় সবার সমৃদ্ধির জন্য একটি স্বাধীন, অবাধ, অন্তর্ভুক্তিমূূূলক, শান্তিপূর্ণ ও নিরাপদ ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার বিষয়টি প্রাধান্য পাবে। এছাড়া কোভিড-১৯ মোকাবিলা,  অর্থনৈতিক সহযোগিতা এবং টেকসই উন্নয়ন প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের যৌথ অংশীদারিত্ব নিয়েও আলোচনা হবে।