দিনে ২০ লাখ লোকের করোনা পরীক্ষা করছে চীন

চীনের এক শহরে দিনে প্রায় ২০ লাখ লোকের করোনা ভাইরাসের পরীক্ষা করা হচ্ছে। পাঁচ দিনের মধ্যে প্রায় ১ কোটি লোকের করোনা ভাইরাস পরীক্ষা শুরু হয়েছে। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর চিংডাওয়ের কর্তৃপক্ষ বলছে, ঐ শহরে এক ডজন লোক করোনা পজিটিভ শনাক্ত হওয়ার পর শহরের সব বাসিন্দাকে কোভিড-১৯ পরীক্ষা করা হবে। খবর বিবিসির

গত মে মাসে উহান শহরের মোট ১ কোটি ১০ লাখ বাসিন্দার সবাইকেই কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছিল। চীনে করোনা সংক্রমণ মোটামুটিভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বিশ্বের অন্য দেশগুলোতে এখনো সংক্রমণের হার খুবই উঁচু এবং সংক্রমণের বিস্তার রোধ করতে নানা জায়গায় নানা মাপের লকডাউন চলছে।

চীনা সোশ্যাল মিডিয়া সাইট ওয়েইবোতে এক বিবৃতিতে চিংডাওয়ের পৌর স্বাস্থ্য কমিশন বলছে, শহরে নতুন করে ছয় জনের মধ্যে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আরো ছয় জনের মধ্যে উপসর্গ দেখা না গেলেও তারা পরীক্ষায় পজিটিভ হয়েছেন। সরকারি পত্রিকা গ্লোবাল টাইমস জানায়, ঐ শহরে যে নতুন সংক্রমণ ধরা পড়েছে তার সবই এসেছে একটি হাসপাতাল থেকে যেটি বিদেশ প্রত্যাগত করোনা রোগীদের চিকিত্সা করত।

চীন সরকারের বর্তমান কৌশল হলো কোথাও ছোট মাপের সংক্রমণ দেখা গেলেও ঐ এলাকার সবাইকেই করোনা পরীক্ষা করাতে হবে। চীনা জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ সোমবার বলছে, পাঁচ দিনের মধ্যে পুরো চিংডাও শহরের ৯০ লাখ বাসিন্দার সবাইকে করোনা পরীক্ষা করাতে হবে। চিংডাও পৌর স্বাস্থ্য কমিশন জানিয়েছে, মেডিক্যাল কর্মচারী এবং নতুন রোগীসহ শহরের সোয়া লাখ বাসিন্দা ইতিমধ্যেই কোভিড পরীক্ষায় নেগেটিভ শনাক্ত হয়েছেন।