বাংলাদেশ থেকে ফের কৃষিশ্রমিক নেবে ইতালি : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, ইতালির সরকার কৃষিশ্রমিক নিতে রাজি হয়েছে। গতকাল  সোমবার রাতে এক বিবৃতিতে এই তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ভালো খবর। আমাদের অনুরোধে ইতালির সরকার অবশেষে তাদের কৃষিশ্রমিক কর্মসূচিতে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করতে সম্মত হয়েছে। মৌসুমি এবং অমৌসুমি উভয় কর্মসূচিতেই শ্রমিক নেবে ইতালি। এই সুবিধা আগে প্রত্যাহার করা হয়েছিল। একসময় বাংলাদেশ থেকে মৌসুমি শ্রমিকরা ইতালি যেতেন। পরবর্তী সময়ে এসব শ্রমিক দেশে না ফেরার কারণে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ করে দেয় ইতালি।

চলতি বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ইতালির রোমে দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করেন, তখন তিনি ইতালির কৃষিশ্রমিক কর্মসূচিতে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার জন্য অনুরোধ করেছিলেন। ইতালিয়ান সরকার তার অনুরোধকে সম্মান জানিয়ে বাংলাদেশি নাগরিকদের এ সুযোগটি দিয়েছে বলে জানান মন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১৯৭০ সালে ইতালির প্রায় ২৩ শতাংশ মানুষ কৃষির সঙ্গে যুক্ত ছিলেন। তবে বর্তমানে তা ৫ শতাংশের নিচে নেমে এসেছে। ফলে দেশটি কৃষি খাতে বিদেশি শ্রমিক নিয়োগে গুরুত্ব দিচ্ছে।