ইত্তেফাকের তালা সংবাদদাতার কাছে সর্বহারা পার্টির পরিচয়ে চাঁদা দাবী

দৈনিক ইত্তেফাকের সাতক্ষীরার তালা উপজেলা সংবাদদাতা, তালা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠের সহকারী প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমানের কাছে সর্বহারা পার্টির পরিচয়ে চাঁদা দাবী করা হয়েছে। এ সময় চাঁদা দিতে অস্বীকার করায় তাকে প্রাণনাশের হুমকিও দেয়া হয়েছে। এ ঘটনায় তালা থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

ইতিপূর্বে শিক্ষক, সরকারী কর্মকর্তাসহ তালা উপজেলার অন্তত ১৫/২০ জনের কাছে সর্বহারা পরিচয়ে ফোন করে চাঁদা দাবী করে। টাকা না দিলে মুঠোফোনে হত্যার হুমকিও দেয়া তাদের। এ ঘটনায় অনেকের মধ্যে আতঙ্ক বিরাজ করে। ইতিমধ্যে তালা থানায় কয়েকজন সাধারণ ডায়েরিও করেছেন।

দৈনিক ইত্তেফাকের তালা উপজেলা সংবাদদাতা গাজী জাহিদুর রহমান জানান, গত ৭ অক্টোবর (বুধবার) বিকাল ৫ টা ৩৪ মিনিটে আমার ব্যবহৃত ব্যক্তিগত মোবাইল নম্বরে জনৈক মেজর জিয়া পরিচয়ে  ০১৭০১-৮৭৪৬৬৮ নম্বর থেকে ফোন করে। ফোন রিসিভ করার পর ঐ ব্যক্তি বলেনি, তাদের কয়েকজন সদস্য জেলখানায় রয়েছে তাদের মুক্ত করতে প্রায় ৫০ লক্ষ টাকা লাগবে। এ সময় তিনি আমাকে ৫ লক্ষ টাকা দিতে বলেন। এমনটি টাকা না দিলে প্রাণের নাশের হুমকিও দেয়া হয়। ৩ মিনিট ২৭ সেকেন্ড কথা বলার পর এক পর্যায়ে আমি ফোন কেটে দিই। এর কিছুক্ষণ পর ০১৮৬৭-১৯৮১৮৯ মোবাইল নম্বর থেকে ফের ফোন করে আমাকে হুমকি-ধমকি প্রদান করে। এ ঘটনায় তালা থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। যার নম্বর ২৮১, তারিখ- ০৮/১০/২০২০ খ্রি.।

এদিকে তালার জেঠুয়া গ্রামের মো. মাজেদ আলী গাজীর ছেলে কৃষ্ণকাটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আছাদুল হক জানান, গত ২১ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে একটি নম্বর থেকে তাঁকে কল করা হয়। এ সময় সর্বহারা পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জিয়া পরিচয় দিয়ে ১০ লাখ টাকা চাওয়া হয়। দাবীকৃত টাকা বিকাশের মাধ্যমে পাঠাতে বলে বিকাশ নম্বর দেন। 
এ তালিকায় আরও আছেন তালা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওবায়দুল হক, তালা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক সন্তোষ কুমার দাশ, অফিস সহকারী বিকাশ চক্রবর্তী, কটন ইউনিট কর্মকর্তা মোবারাকপুর গ্রামের মো. হুমায়ুন কবির, স্কুল শিক্ষক মো. আব্দুর রব, মো. আবুল কাশেম, মো. জাহিদুল ইসলাম রিপন, পরিবার পরিকল্পনা পরিদর্শক সৈয়দ ইকরাম আলী, মো. আল মাসুদ, কমিউনিটি হেলথ সার্ভিস প্রোভাইডার মো. আলমগীর হোসেন, সমাজ সেবক মো. আফজাল হোসেন প্রমুখ।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদি রাসেল জানান, একটি প্রতারক চক্র বেশ কিছুদিন বিভিন্ন মানুষের কাছে চাঁদা দাবী ও হুমকি প্রদান করছে। ইতিমধ্যে বেশ কয়েকজন থানায় জিডি করেছেন। উক্ত প্রতারক চক্রকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

ইত্তেফাক/এমআর