লক্ষ্মীপুরের রামগতিতে গণধর্ষণের শিকার বিধবা (৩৮) নারীর দায়ের করা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মো. আবদুল করিমকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে চট্টগ্রামের বাকুলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত করিম উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের চরকলাকোপা এলাকার আবুল হোসেনের ছেলে। সোমবার সাত দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে সোপর্দ করলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও রামগতি থানার পরিদর্শক (তদন্ত) মো. মমিনুল হক জানান, ঘটনার পর পরই প্রধান আসামি করিম আত্মগোপনে চলে যান। পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে অবস্থান নিশ্চিত হয়ে রবিবার রাতে চট্টগ্রামের বাকুলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে মামলার অপর চার আসামি সোহেল, জামাল, আরিফ ও আলাউদ্দিনকেও পুলিশ গ্রেফতার করেন। আদালতের নির্দেশে তারা এখন রিমান্ডে রয়েছেন।
রামগতি থানার ওসি মোহাম্মদ সোলাইমান জানান, প্রধান আসামি করিমকে গ্রেফতারের মাধ্যমে এ মামলার এজাহারভুক্ত সব আসামি পুলিশের হাতে ধরা পড়েছেন।
তিনি বলেন, সোমবার সাতদিনের রিমান্ড চেয়ে করিমকে আদালতে সোপর্দ করা হলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া রিমান্ডে থাকা অপর চার আসামি জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। মামলার তদন্তের স্বার্থে সেই বিষয়ে এখনই বিস্তারিত প্রকাশ করা সম্ভব হচ্ছে না বলে ওসি জানান।
পূর্ব বিরোধের জের ধরে ৩ অক্টোবর রাতে উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর কলাকোপা এলাকায় নিজ বসতঘরে ওই নারী দলবদ্ধ ধর্ষণের শিকার হন। একপর্যায়ে ধর্ষকরা পরে তাকে হাত-পা ও চোখ-মুখ বেঁধে ঘরের পেছনে ফেলে রেখে যায়। পরের দিন ৪ অক্টোবর সকালে পুলিশ গিয়ে অচেতন অবস্থায় নিজ বসতঘরের পেছন থেকে তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় নির্যাতনের শিকার ওই নারী বাদী হয়ে ৫ অক্টোবর বিকেলে স্থানীয় পাঁচ যুবককে আসামি করে রামগতি থানায় দায়ের করেন। নারীর দায়ের করা ওই মামলার এজাহারভুক্ত সব আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।
ইত্তেফাক/এএম