মিঠাপুকুরে গুলসান নামে এক চা বিক্রেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে জায়গীর বাসস্ট্যান্ড এলাকায় ব্র্যাক অফিস সংলগ্ন এ ঘটনা ঘটে। নিহত গুলসান মমিনপুর গ্রামের আব্দুল হকের ছেলে। স্বজনদের অভিযোগ, স্ত্রীর পরকীয়ার জের ধরেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
নিহতের স্বজন ও পুলিশ জানায়, সোমবার রাত দেড়টার দিকে জায়গীরহাট স্ট্যান্ড থেকে চা দোকান বন্ধ করে দুর্গাপুরে ভাড়া বাসায় ফিরছিলেন গুলসান। পথিমধ্যে হেলমেটধারি দুই ব্যাক্তি তাকে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় গুলশান মিয়াকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বজনদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এক যুবকের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন তার স্ত্রী। এতে বাধা দেয়ায় স্ত্রী ও তার পরকীয়া প্রেমিক ক্ষুব্ধ ছিল। তারাই পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
মিঠাপুকুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান বলেন, দৃর্বৃত্তদের গ্রেফতারে জোরালো অভিযান চলছে।
ইত্তেফাক/এএম