ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মন্দির সংস্কার ও দুস্থদের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলার কলেজপাড়া মন্দির প্রাঙ্গণে ধর্ম মন্ত্রণালয় প্রদত্ত হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে এ চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল এমপি বলেন, এ দেশ কোনো একক সম্প্রদায়ের দেশ নয়, এ দেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলের। ১৯৭১ এ বঙ্গবন্ধুর নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি।
তিনি তার বক্তব্যে আরও বলেন, করোনাকালে এবারের পূজায় প্রয়োজনীয় পূজা ছাড়া অতিরঞ্জিত কিছুই করা যাবে না। ঢাক বাজবে, আরতি হবে কিন্তু কোনো লাফালাফি নাচগান হবে না।
আরও পড়ুন: ধর্ষণের শিকার স্কুলছাত্রী, যুবক আটক
উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আফরিদার সভাপতিত্বে অনুষ্ঠানে ৮ ইউনিয়ন পূজা কমিটির সভাপতি সম্পাদকসহ বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অরুনাংশ দত্ত টিটো, সাধারণ সম্পাদক তপন ঘোষ, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, আওয়ামী লীগ সভাপতি সইদুল হক, রাণীশংকৈল প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক সাধন বসাক প্রমুখ।
এ ছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে উপজেলার ৫টি মন্দিরে ১৫ টি পূজা মণ্ডপে ও ৫ জন দুস্থকে বিভিন্ন অংকের চেক বিতরণ করা হয়। প্রসঙ্গত, এই সাথে প্রধান অতিথি মন্দিরভিত্তিক শিক্ষকদের মাঝে তার ব্যক্তিগত বস্ত্র বিতরণ করেন।
ইত্তেফাক/এএএম