ভারত এবং বাংলাদেশের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক আছে। এই সম্পর্ক আরো গভীরতর হচ্ছে। বিশেষ করে উত্তর-পূর্ব ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক আছে তা আরো গভীর হচ্ছে।
ভারতের নয়াদিল্লির বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান আখাউড়া স্থলবন্দরে আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ কথা বলেন।
তিনি সোমবার ত্রিপুরায় আসেন। মঙ্গলবার সকাল ১১টার দিকে আখাউড়া-আগরতলা রেললাইন নির্মাণ কাজ পরিদর্শন করেন। তিনি নিশ্চিন্তপুর অংশ দিয়ে বাংলাদেশ থেকে আগরতলায় যে স্থানে দুই দেশের রেললাইনের সংযোগ হবে সেই স্থানটি পরিদর্শন করেন। এর পর আসেন আখাউড়া চেকপোস্টে।
এখানে বাংলাদেশ অংশে রাষ্ট্রদূতকে স্বাগত জানান, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো. নূর-এ-আলম, ব্রাহ্মণবাড়িয়া কাস্টমসের ডেপুটি কমিশনার ফকরুল আমীন চৌধুরী, আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক মুস্তাফিজুর রহমান, আখাউড়া চেকপোস্ট ইমিগ্রেশন ইনচার্জ হামিদুর রহমান।
এ সময় দিল্লিতে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূতের সঙ্গে আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনার কিরিটি চাকমা, আগরতলা স্থলবন্দর ম্যানেজার দেবাশীষ নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন।
আখাউড়া চেকপোস্টে দিল্লির বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, প্রতিবেশী দুই দেশের মধ্যে যোগাযোগ বাড়ছে। এর জন্য অবকাঠামো তৈরি হচ্ছে। এই বিষয়ে দুই দেশ এক সাথে কাজ করছে। আশা করি এই কাজগুলো শেষ হলে উভয় দেশের জনসাধারণ উপকৃত হবে।
ইত্তেফাক/ইউবি