বরগুনার বিষখালী ও বলেশ্বর নদীর মোহনার লালদিয়ার চর এলাকা থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ দেশি অস্ত্র উদ্ধার করেছে কোস্টগার্ড। মঙ্গলবার ভোর ৩টার দিকে কোস্টগার্ডের অভিযানে ইঞ্জিনচালিত একটি ট্রলার থেকে ২১টি আগ্নেয়াস্ত্র ও ১০টি ছুরি উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে তথ্যগুলো জানায় পাথরঘাটা কোস্টগার্ড।
কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটান্যান্ট মেহেদী হাসান বলেন, দীর্ঘদিন ধরে একটি চক্র ডাকাতির উদ্দেশ্য অস্ত্র গোলাবারুদ ও রসদ সংগ্রহ করে ডাকাতির পরিকল্পনা করছিলো। গোপন খবরে মধ্যরাতে ওই এলাকায় এলাকায় একটি ট্রলারে অভিযান চালানো হয়। এসময় কোস্টগার্ড সদস্যরা এগিয়ে গেলে দুর্বৃত্তরা ট্রলার ফেলে বনের ভেতর পালিয়ে যায়। পরে ট্রালারে তল্লাশি চালিয়ে মাছ রাখার ককসিটের ভেতর থেকে সাতটি দেশীয় পিস্তল, ১৪টি একনলা বন্দুক (পাইপগান) ও ১০টি ছুরি উদ্ধার করা হয়। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
অস্ত্রগুলো পাথরঘাটা থানায় জমা দিয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
ইত্তেফাক/এসি