মাইলফলকের অপেক্ষায় তিতে

পেরু শিবিরে করোনার থাবা

স্পোর্টস ডেস্ক

তিতের কোচিং ক্যারিয়ারের মুকুটে আরেকটি পালক যোগ হওয়ার অপেক্ষা নিয়ে আজ ভোরে পেরুর বিপক্ষে মাঠে নেমেছে ব্রাজিল। ব্রাজিলের হয়ে এর আগে আরো ৪৯টি ম্যাচে ডাগ আউটে দাঁড়িয়েছেন তিতে। আজ লিমায় ব্রাজিলের কোচ হিসেবে করে ফেললেন হাফ সেঞ্চুরি।

মাঠে নামার আগে অবশ্য মাইলফলক নয়, ম্যাচ জয়েই বেশি মনোযোগ ছিল তিতের। বলে রেখেছেন, ‘ব্রাজিলের কোচ হিসেবে ৫০ বা ১০০ এগুলো শুধুই একটা সংখ্যা। আমার কাছে বিশেষ কোনো গুরুত্ব বহন করে না। আমার লক্ষ্য, এ দলটাকে নিয়ে অনেক দূরে যাওয়া। আমি অনেক ম্যাচ জিততে চাই। হারতে আমি একদমই অপছন্দ করি না।’

তবে, প্রতিপক্ষ পেরু বলেই বাড়তি রোমাঞ্চ অনুভব করতে পারেন তিতে। সেই কোপা আমেরিকায় ব্রাজিল পেরুর কাছে হারার পরপরই দলের দায়িত্ব পেয়েছিলেন তিতে। তিন বছরের মাথায় কোপা আমেরিকার ফাইনালটা ব্রাজিলকে এনে দিতে পেরেছিলেন তিতে। ফাইনালে হারিয়েছিলেন সেই পেরুকে। এটাই এখন অবধি ৫৯ বছর বয়সি এই কোচের ব্রাজিলের হয়ে সবচয়ে বড় মঞ্চ। আর এখন ৫০তম ম্যাচে ডাগ আউটে থাকবেন একই প্রতিপক্ষের বিপক্ষে।

তিতের মাইলফলক ছোঁয়ার প্রাক্কালে একটু ‘ব্যাকফুটে’ ছিল পেরু। দলের দুই সদস্য আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। আক্রান্ত দুই খেলোয়াড় হচ্ছেন রাউল রুইদিয়াজ ও অ্যালেক্স ভালেরা। করোনা সংক্রমণের খবরে সোমবার লিমার ম্যাচের ভেন্যুতে চূড়ান্ত অনুশীলনেও অংশ নেননি তারা। পেরুতে করোনা ভাইরাসের প্রকোপ বেশ মারাত্মক। দেশটিতে এই ভাইরাসে মৃতের সংখ্যা ৩৩ হাজার ছাড়িয়ে গেছে।

জানিয়ে রাখা ভালো, দক্ষিণ আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে পেরু। অন্যদিকে, ব্রাজিল প্রথম ম্যাচে বলিভিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শুরু করেছে কাতার বিশ্বকাপের মূলমঞ্চে খেলার মিশন।