বাংলাদেশ সিরিজ নিয়ে হতাশ আর্থার

স্পোর্টস রিপোর্টার

একেবারে সবই ঠিকঠাক ছিল। শেষ পর্যন্তও দুই বোর্ড চেষ্টা করেছে। দুই দলের প্রস্তুতিও চলছিল। কিন্তু শেষ পর্যন্ত শ্রীলঙ্কার কোভিড-১৯ টাস্কফোর্স নমনীয় না হওয়ায় ভেস্তে গেছে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর। আর এই সফরটা না হওয়াতে হতাশা প্রকাশ করেছেন শ্রীলঙ্কার প্রধান কোচ মিকি আর্থার।

গত জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু করোনার কারণে সে সফর স্থগিত করা হয়। এরপর অক্টোবরে সিরিজটা নির্ধারণ করা হয়। বাংলাদেশ চাচ্ছিল এই সফরে গিয়ে কোয়ারেন্টাইনের সময়টা অনুশীলন করতে এবং কোয়ারেন্টাইনের মেয়াদ কমাতে। সেই প্রস্তাবে রাজি হয়নি শ্রীলঙ্কার টাস্কফোর্স।

তিন টেস্টের এই সিরিজ না হওয়ায় নিজেদের হতাশা প্রকাশ করে আর্থার বলেছেন, ‘আমাদের ক্রিকেটাররা সিরিজের জন্য পুরোপুরি প্রস্তুত ছিল। কোভিড বিরতির পর সেরা এবং সবচেয়ে প্রস্তুত দল হওয়ার লক্ষ্য তাদের দিয়েছিলাম। ছেলেরা বীরত্ব ও অসাধারণ পেশাদারিত্ব দেখিয়েছে। কিন্তু আসন্ন কোনো লক্ষ্য ছাড়া অনুশীলন করা খুবই কঠিন। আমরা প্রস্তুত, কিন্তু এই মুহূর্তে আমরা সেরা অবস্থায় থাকলেও খেলতে পারছি না।’