ফিটনেসই বড় চ্যালেঞ্জ

স্পোর্টস রিপোর্টার

আগামী জানুয়ারিতে ঢাকায় অনুষ্ঠেয় অনূর্ধ্ব ২১ হকির  বিশ্বকাপ বাছাইয়ের জন্য বাংলাদেশ দল অনুশীলন শুরু করেছে ১১ অক্টোবর। তার এক দিন পর গতকাল মঙ্গলবার করোনা পরীক্ষার ফলে সবার নেগেটিভ এসেছে। তবে খেলোয়াড়দের ফিটনেস ফিরে পাওয়াকেই আপাতত বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন কোচ মামুনুর রশীদ।

খেলোয়াড়, কোচসহ ৪৫ জনের করোনা পরীক্ষা হয়। তাতে পজিটিভ না আসায় কোয়ারেন্টাইনে যাওয়ার ঝক্কি নেই কারো। কোচ মামুন এতে স্বস্তি প্রকাশ করলেও জানান ফিটনেসই ভাবিয়ে তুলছে তাকে।

গতকাল সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘এটা অনেক বড় স্বস্তি, কোয়ারেন্টাইনের বাধ্যবাধকতা নেই। তবে খেলোয়াড়দের ফিটনেস ভালো জায়গায় নেই। ক্যাম্প শুরুর পর পরীক্ষা নিয়েছিলাম তাতে দেখা গেছে সহ্য ক্ষমতা কমে গেছে সবারই, আরো কিছু সমস্যা দেখেছি।’

কোচ মামুন বলেন, ‘আগামী ১৭ দিনে ফিটনেস আর ব্যক্তিগত দক্ষতা নিয়ে কাজ করব। নভেম্বরের শুরু থেকে দলীয় দক্ষতা, গেম ট্যাকটিক্স, পেনাল্টি কর্নার, সেটপিস, রক্ষণ-আক্রমণ নিয়ে কাজ করব আমরা।’