কুমিল্লার বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সীমানা প্রাচীর সংস্কারে পুরাতন রড ব্যবহারের অভিযোগ উঠেছে। বুড়িচং উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালটির নতুন ভবন, সীমানা প্রাচীরসহ ব্যাপক সংস্কার কাজ চলছে বর্তমানে। সীমানা প্রাচীরের পুরাতন ইটগুলো রেখেই কিছু কিছু স্থানে সেগুলো খুলে আবারো সেই পুরাতন ইট দিয়েই দেয়াল নির্মাণ করা হচ্ছে। দক্ষিণ পাশের বিশাল সীমানা প্রাচীরটি উঁচু করা হচ্ছে কিছুটা। এ অবস্থায়, পুরাতন রডগুলো রেখেই প্রাচীর নির্মাণ করায় এর স্থায়িত্ব নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। পুরনো রড দিয়ে তৈরি সীমানা প্রাচীরের পাশ দিয়ে যাওয়া সড়কে চলাচলকারী যানবাহনের যাত্রী বা পথচারীদের দুর্ঘটনাকবলিত হয়ে ক্ষয়ক্ষতির আশঙ্কা অমূলক নয়। এ বিষয়ে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মীর হোসেন মিঠু বলেন, ‘বিষয়টি আমার নজরেও পড়েছে। এ ব্যাপারে কুমিল্লা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আব্বাস উদ্দিনকে জানিয়েছি।’
মামশাদ কবীর
কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০