দেশে ১৪ হাজারের ওপর কমিউনিটি ক্লিনিক রয়েছে। এখানে বিনামূল্যে ৩০ ধরনের ওষুধ পাওয়া যায়। লাখ লাখ মানুষ সেবা নিচ্ছে এখান থেকে। গ্রামীণ লোকজনের প্রাথমিক সমস্যাগুলোর সমাধান যেন কমিউনিটি ক্লিনিক। মাতৃ ও শিশু সেবায় এই খাতটি অন্যতম ভূমিকা পালন করে আসছে। দেশের প্রত্যন্ত অঞ্চলের গ্রামের মানুষের ভরসা হয়ে উঠেছিল কমিউনিটি ক্লিনিক। বিনামূল্যে সেবা পাওয়াটা গ্রামের মানুষের জন্য কম পাওয়া নয়। স্বাস্থ্য সমস্যা দেখা দিতেই দ্বারস্থ হয় কমিউনিটি ক্লিনিকে। কিন্তু বর্তমানে নিয়মিত পর্যবেক্ষণের অভাবে গ্রামের মানুষ বঞ্চিত হচ্ছে যথাযথ সেবা পাওয়া থেকে। ইদানীং যে সমস্যাগুলো দেখা যাচ্ছে—অনিয়মিত কর্মীদের আসা-যাওয়া, সময়মতো ক্লিনিক না খোলা, প্রয়োজনীয় ওষুধের অপর্যাপ্ততা ইত্যাদি। এবছরের জানুয়ারিতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক যেখানে বলেছিলেন কমিউনিটি ক্লিনিকে ২৪ ঘণ্টাই স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে, সেখানে মাত্র ৩-৪ ঘণ্টা অনিয়মিতভাবে খোলা হচ্ছে। পরিশেষে, নিয়মিত পর্যবেক্ষণ ও উল্লিখিত সমস্যাগুলোর সমাধানের ব্যাপারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
রোমান মিয়া
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়