খালি চোখে রাতের আকাশে আমরা মাত্র দু-তিন হাজার তারা দেখি। কিন্তু দূরবিনের ভেতর দিয়ে তারা দেখা যায় অসংখ্য। আলোক-দুরবিনের কাচ বহু দূরের তারার আলোকে জড়ো করে আমাদের চোখের বা ক্যামেরার পর্দার ওপর হাজির করে। তাই তখন তাদের হদিস পাওয়া সহজ হয়।
তারারা রয়েছে পরস্পর থেকে অকল্পনীয় দূরে। বিশ্বে সবচেয়ে দ্রুতগামী হলো আলো। সূর্য থেকে প্রায় ১৫ কোটি কিলোমিটার পথ পেরিয়ে পৃথিবীতে পৌঁছতে আলোর আট মিনিটের মতো সময় লাগে। অথচ আমাদের সবচেয়ে কাছের তারা প্রক্সিমা সেন্টরি থেকে আলো আসতে লাগে ৪.৩ বছর। আলো এক বছরে যতটা পথ ছুটতে পারে সেই দূরত্বকে বলা হয় আলোক-বছর পথ। অর্থাত্ প্রক্সিমা সেন্টরি আছে আমাদের থেকে ৪.৩ আলোক-বছর দূরে। আজকে বিজ্ঞানীরা এমন আলোক-দুরবিন তৈরি করেছেন, যার সাহায্যে ৫০০ কোটি আলোক-বছর দূরের নক্ষত্রের হদিস পাওয়া যাচ্ছে।
সূত্র : তারার দেশের হাতছানি/আবদুল্লাহ আল-মুতী