বশেমুরবিপ্রবি সংবাদদাতা
ছাত্রলীগের পরিচয় দিয়ে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কৃষি বিভাগের এক ছাত্রীসহ তার মা-বোনকে গণধর্ষণের হুমকি দিয়েছে এক ব্যক্তি। মঙ্গলবার এ বিষয়ে ভুক্তভোগী ঐ শিক্ষার্থী মাগুরা সদর থানায় একটি সাধারণ ডায়ারি করেছেন।
ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, দেশে একের পর এক ধর্ষণের ঘটনা এবং বিচারহীনতা নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন। এসব পোস্টের জেরেই আমিসহ আমার মা-বোনকে সোমবার আনুমানিক রাত ১টার দিকে হাসান আল মামুন নামের এক ফেসবুক আইডি থেকে মেসেঞ্জারে এ হুমকি প্রদান করা হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান বলেন, ভুক্তভোগী শিক্ষার্থী আমাকে বিষয়টি জানিয়েছে। আমরা অবশ্যই আমাদের শিক্ষার্থীকে সব ধরনের সহযোগিতা করব। সে লিখিত অভিযোগ প্রদান করলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, ল সেল এবং যৌন নির্যাতন প্রতিরোধ সেল সমন্বিতভাবে কাজ করব এবং বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করব।