দুর্নীতি করলে কোনো ছাড় নেই :প্রবাসী কল্যাণমন্ত্রী

ইত্তেফাক রিপোর্ট

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে এবং সিটিজেন চার্টার অনুযায়ী প্রবাসী কর্মীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে হবে। কেউ দুর্নীতি করলে ছাড় পাবে না। গতকাল প্রবাসী কল্যাণ ভবনে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কার্যক্রম সম্পর্কে এক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক হামিদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। অনুষ্ঠানে সচিব বলেন, বর্তমানে একটি মহামারিকাল অতিক্রম করছি। করোনা মানুষের প্রতি মানুষের আরো বেশি সহানুভূতিশীল হতে শিক্ষা দিয়েছে। যদি জনগণকে আমাদের প্রতিশ্রুত সেবা দিতে পারি তাহলেই জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানানো হবে। পরে মন্ত্রী প্রবাসী কর্মীর পরিবারের সদস্যদের মধ্যে পুনর্বাসন, ক্ষতিপূরণ, আর্থিক অনুদান ও শিক্ষাবৃত্তির চেক বিতরণ করেন।