ইউএনওকে লাঞ্ছিত করায় বেড়ার পৌর মেয়র সাময়িক বরখাস্ত

পাবনা প্রতিনিধি

পাবনার বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লাঞ্ছিত ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার ঘটনায় বেড়া পৌরসভার মেয়র আব্দুল বাতেনকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের (পৌর শাখার) উপসচিব মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা জানানো হয়।

পাবনার জেলা প্রশাসক কবীর মাহমুদ চিঠি প্রাপ্তির সত্যতা স্বীকার করে ইত্তেফাককে বলেন, এই চিঠির পরপরই তিনি পৌর মেয়রের দায়িত্ব হারিয়েছেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী প্যানেল মেয়র অথবা ইউএনও এই দায়িত্ব পালন করবেন।

গত সোমবার দুপুরে বেড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটি ও উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় উপজেলা পর্যায়ের সব কর্মকর্তার সামনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকীকে লাঞ্ছিত ও গালিগালাজ করেন অব্যাহতিপ্রাপ্ত বেড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বেড়া পৌরসভার মেয়র আব্দুল বাতেন। ঘটনার বিস্তারিত উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিকট লিখিত অভিযোগ দেন।

পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ জানান, সোমবার বেড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটি ও উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় বেড়া পৌর মেয়র আব্দুল বাতেন উপজেলার কাজীরহাট ও নগরবাড়ী ঘাট ইজারাসংক্রান্ত আগে তৈরি করা একটি লিখিত রেজুলেশন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকীকে অনুমোদনের জন্যে চাপ প্রয়োগ করেন। বিষয়টি নীতিমালা বহির্ভূত হওয়ায় ইউএনও তা অনুমোদনে অস্বীকৃতি জানালে মেয়র বাতেন তাকে লাঞ্ছিত ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। উপস্থিত অন্য সদস্যদের হস্তক্ষেপে ইউএনও রক্ষা পান। এ ব্যাপারে সরকারের ঊর্ধ্বতন মহলে অবহিত করা হলে আব্দুল বাতেনকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।