ময়মনসিংহের ত্রিশালে উদ্বোধন করা হয়েছে সেনাবাহিনীর শারীরিক ও ক্রীড়া প্রশিক্ষণ প্রতিষ্ঠান। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ত্রিশালের সামরিক প্রশিক্ষণ এলাকায় আর্মি স্কুল অব ফিজিক্যাল ট্রেনিং অ্যান্ড স্পোর্টসের (এএসপিটিএস) নবনির্মিত কমপ্লেক্সের উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।
অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেন, এই শারীরিক প্রতিষ্ঠানে জুডু, কারাতসহ বিভিন্ন অস্ত্রবিহীন প্রশিক্ষণ দেওয়া হবে এবং এখান থেকেই দক্ষ প্রশিক্ষক তৈরি করা হবে। প্রতিষ্ঠানটিকে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। প্রতিষ্ঠানটিতে আধাসামরিক বাহিনীর সদস্যদেরও প্রশিক্ষণ দিয়ে দক্ষ প্রশিক্ষক তৈরি করা হবে।
সেনাপ্রধান উদ্বোধন শেষে সেনাকর্মকর্তাদের নিয়ে মাল্টিপারপাস প্রশিক্ষণ কমপ্লেক্সে কেক কাটেন। অনুষ্ঠানে আরডক-এর জিওসি লেফটেন্যান্ট জেনারেল এস এম শফি উদ্দিন, সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) লে. জে. শামছুল হক, ব্রি. জে. মো. তাজূল ইসলাম ঠাকুর, ব্রি. জে. মো. মাইন উদ্দিন, ব্রি. জে. মো. ইফতেখার আনিস, ব্রি. জে. মো. ফেরদৌস হাসান সেলিমসহ ময়মনসিংহ অঞ্চলের ঊর্ধ্বতন সেনাকর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের আগে সেনাপ্রধান কমপ্লেক্সের সামনে একটি বৃক্ষ রোপণ করেন।
উল্লেখ্য, এএসপিটিএস সেনাবাহিনীর শারীরিক ও ক্রীড়াবিষয়ক একমাত্র প্রশিক্ষণ প্রতিষ্ঠান। সেনাসদস্যদের শারীরিক প্রশিক্ষণ ও ক্রীড়া উন্নয়নের লক্ষ্যে ১৯৭৯ সালের ২৫ মে রাজশাহী সেনানিবাসে এটি প্রতিষ্ঠিত হয়। ১৯৯৯ সালে ঢাকা সেনানিবাসে আর্মি স্টেডিয়ামসংলগ্ন এলাকায় স্থানান্তরিত হয়। ঢাকা সেনানিবাসে শারীরিক ও ক্রীড়াবিষয়ক প্রশিক্ষণ পরিচালনার জন্য পর্যাপ্ত জায়গা এবং প্রয়োজনীয় অবকাঠামোর অপ্রতুলতার জন্য একটি অত্যাধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এএসপিটিএসকে একটি সুবিধাজনক এলাকায় স্থানান্তরের পরিকল্পনা করা হয়। এ পরিপ্রেক্ষিতে এএসপিটিএস ত্রিশাল সামরিক প্রশিক্ষণ এলাকায় স্থায়ীভাবে স্থানান্তরিত হয়ে কার্যক্রম শুরু করেছে।