রাজধানীর হাজারীবাগে তিন সন্তান ও স্ত্রী মিলে বাড়ি দখল করার জন্য গৃহকর্তাকে এলোপাতাড়িভাবে ছুরিকাঘাত করে হত্যা করেছে। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ লাল মিয়া (৪৫)। গতকাল মঙ্গলবার দুপুরে হাজারীবাগ দক্ষিণ বসিলায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় লাল মিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত লাল মিয়ার ছোট ভাই শহর আলী বলেন, হাজারীবাগ দক্ষিণ বসিলা ব্রিজের পাশে তাদের নিজেদের বাড়ি। তার বড় ভাই লাল মিয়ার তিনতলা বাড়ি। দোতলায় থাকতেন তার বড় ভাই। তার তিন ছেলে একই বাড়িতে আলাদা থাকত। গত সাত-আট মাস আগে পারিবারিক কলহের জেরে স্ত্রী আরজুদা বেগমকে তালাক দেন লাল মিয়া। তালাকপ্রাপ্ত স্ত্রীর আরজুদাও বাড়ির তিনতলায় থাকতেন।
শহর আলী আরো বলেন, তিন ছেলে মায়ের পক্ষেই ছিল। ছেলে ও স্ত্রীর সঙ্গে প্রায় ঝগড়া হতো লাল মিয়ার। মঙ্গলবার দুপুরে বড় ছেলে জহিরুল ইসলাম, মেঝো ছেলে সাজ্জাদুল ও ছোট ছেলে মিলন তাদের বাবা লাল মিয়ার ঘরে ঢুকে বুকে ও পেটে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ সময় স্ত্রী আরজুদা দরজায় দাঁড়িয়ে পাহারা দিচ্ছিলেন। শব্দ পেয়ে ভেতরে গিয়ে তার ভাই লাল মিয়াকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তিনি জানান, বাড়ি দখল করার জন্য পরিকল্পিতভাবে লাল মিয়াকে হত্যা করা হয়েছে।
হাজারীবাগ থানার ওসি সাজেদুর রহমান জানান, প্রাথমিকভাবে জানা গেছে, লাল মিয়ার ছেলে ও তালাকপ্রাপ্ত স্ত্রী মিলে তাকে হত্যা করেছে। ঘটনার পর তারা বাড়ি থেকে পালিয়ে যায়। পুলিশ তাদের গ্রেফতারের চেষ্টা করছে।