সাভারে পিকআপ চালককে পিটিয়ে হত্যা

সাভারে এক পিকআপচালককে বেধড়ক পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পৌর এলাকার আনন্দপুর মহল্লার বিমান বিল্ডিংয়ের কাছে এ ঘটনা ঘটে। নিহতের নাম আনোয়ার হোসেন । তিনি ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ের আফাজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নিহত আনোয়ার পরিবারের সঙ্গে পৌর এলাকার আনন্দপুর মহল্লায় স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আয়নাল হক গেদুর বাসায় ভাড়া থেকে পিকআপ ভ্যান চালাতেন। গতকাল বিকালে আনোয়ার নিজ কাজে বাসা থেকে বের হন। রাতে তিনি বাসায় না ফিরলে তার পরিবারের লোকজন তার মোবাইলে ফোন দিলে তা বন্ধ পায়। এরপর এলাকাবাসীর মাধ্যমে জানতে পারেন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক যুবকের লাশ পড়ে আছে। সেখানে গিয়ে আনোয়ার হোসেনের লাশ বাসায় নিয়ে আসেন তারা। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক তৌহিদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।

পরিবারের সদস্যদের অভিযোগ, একদল দুর্বৃত্ত পূর্বশত্রুতার জের ধরে আনোয়ারকে হত্যা করেছে।

তৌহিদুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।