নতুন করে কোনো কর আরোপ ছাড়াই নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২০২০-২১ অর্থবছরের ৭৫৫ কোটি ৭৩ লাখ ৪৩ হাজার ১৪৪ টাকার বাজেট ঘোষণা করেছেন মেয়র ডা. সেলিনা হায়াত্ আইভী। গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০২০-২০২১ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়। করোনার কারণে এবার সুধী সমাবেশ না করে আলী আহাম্মদ চুনকা পাঠাগার মিলনায়তনে এ বাজেট অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে ৬৫৮ কোটি ৬৬ লাখ ৫ হাজার ২৪৩ টাকা আয় এবং ৬৫১ কোটি ১৭ লাখ ৫৩ হাজার ৬৫৪ টাকা ব্যয় ধরা হয়েছে। বাজেটে উদ্বৃত্ত থাকবে ৭ কোটি ৪৮ লাখ ৫১ হাজার ৫৮৯ টাকা। আইভী জানান, নারায়ণগঞ্জবাসীর ট্যাক্সের টাকায় দেওভোগ জিমখানায় শেখ রাসেল নগর পার্ক হচ্ছে। এখানে সরকারের অনুদান খুবই কম। তিনি বলেন , সুইপারদের জন্য ১০০ কোটি টাকা ব্যয়ে আধুনিক কলোনি হবে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্মাণাধীন বহুতল ভবনে নারায়ণগঞ্জ ইতিহাস সংরক্ষণে জাদুঘর তৈরি করা হবে। বার্থ, ডেথ সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স অনলাইনের মাধ্যমে করার ব্যবস্থা করা হচ্ছে। বিসিক খাল পর্যায়ক্রমে উদ্ধার করব। সিদ্ধিরগঞ্জের লেকের ওপর সাতটি ব্রিজ সাত বীর শ্রেষ্ঠের নামে করা হবে। এবারের বাজেটে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উন্নয়নকেই প্রাধান্য দেওয়া হয়েছে। শহরের বাবুরাইল খালকে আধুনিকায়ন, বিভিন্ন এলাকার রাস্তা ও ড্রেনের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এছাড়া সিটি করপোরেশনের বেশ কয়েকটি ওয়ার্ডে স্বাস্থ্যসেবার উন্নতিকরণ, মাঠ ও জলাধার সংরক্ষণকেও গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া এবারের বাজেটে সেতু, কালভার্ট নির্মাণ ও পুনর্নির্মাণ, দারিদ্র্য বিমোচন, তথ্যপ্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, যানজট নিরসন, জলাবদ্ধতা দূরীকরণ, বর্জ্য ব্যবস্থাপনার সংস্কার, খেলাধুলার মানোন্নয়ন ও রাস্তার বাতি স্থাপনে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।